মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর মডেল থানাধীন রাধানগর পয়েন্ট থেকে নিয়ামতপুর যাওয়ার কথা বলে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল নেয় তিনজন ছিনতাইকারী। পথে চালককে মারধর করে তারা মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।
বৃহস্পতিবার দুপুরে গৌরারং ইউনিয়নের রাধানগর এলাকায় এই ঘটনা ঘটেছে।
ঘটনার পর বিষয়টি পুলিশের নজরে এলে দ্রুত অভিযান শুরু করা হয়। জনগণের সহযোগিতায় পরিচালিত অভিযানে আন্তজেলা ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িত অপর সদস্যকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করে বলেন, দ্রুত পদক্ষেপ নেয়ার ফলে বড় ধরনের অপরাধ দমনে সহায়ক হবে।