মোঃ মাসুম সরদার, খুলনা : আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনুর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ মার্চ দিনব্যাপী রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন ও আইচগাতী ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৩৫০টি অসহায় পরিবারের হাতে এসব উপহার তুলে দেয়া হয়।
আইচগাতী ইউনিয়নের রাজাপুর ভ্রাতৃমঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান রুনু বলেন, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে আজিজুল বারী হেলাল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করছেন—সুখে-দুঃখে এবং প্রতিকূল সময়েও। ভবিষ্যতেও তিনি মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে কাজ করতে চান। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
রুনু বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই মূল লক্ষ্য। নির্বাচিত হলে রূপসা উপজেলার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোল্যা জাহিদুল ইসলাম, নয়ন মোড়ল, রয়েল, মাসুদ হোসেন, ফেরদৌস শেখ, রাজু মল্লিক, ছাত্রদল নেতা রিপন আহম্মেদ হৃদয়, ওদুদ হোসেন, রনি জমাদ্দার, ইউসুফ মল্লিক, বিএনপি নেতা জাকির তালুকদারসহ স্থানীয় নেতারা।
এ সময় উপহার পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।