পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকিতে আকস্মিক বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রায় অর্ধশত বাড়িঘর, লেবুখালী - বাউফল সড়কে রাজাখালী নামক স্থানে যাত্রীবাহী মাহেন্দ্রের উপর গাছ পরে ২ জন আহত হয়।
আজ সোমবার দুপুরে উপজেলার রাজাখালী ও চরবয়ড়া এলাকার উপর দিয়ে আকস্মিক কাল বৈশাখী ঝড় বয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর দুইটার দিকে আকস্মিক ঝড় শুরু হয়। রাজাখালী ফার্মগেট এলাকায় বগা থেকে আসা যাত্রীবাহী মাহেন্দ্রার উপর একটি বড় রেইনট্রি গাছ উপরে পড়ে যাত্রী সহ মাহেন্দ্রা গাড়িটিকে চাপা দেয়।
ড্রাইভার হানিফ হাওলাদার (৩৫) গাড়ি থেকে নেমে যেতে পারলেও মাহেন্দ্রায় থাকা আতিকুর রহমান (৪২), গোলাম সরোয়ার(৩৬) নামে দুইজন যাত্রী আটকা পড়ে। স্থানীয়দের সহায়তায় আহতের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন। পটুয়াখালী জেলা শহর থেকে আসা ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় রাস্তার উপর পড়ে থাকা গাছটি সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।
ঝড়ে রাজাখালী ও চরবয়রা গ্রামের প্রায় অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় রাস্তার উপর পড়ে থাকা গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।