নিজস্ব সংবাদদাতা, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের সাতজন আহত হয়েছেন।
গতকাল সোমবার ৯ জানুয়ারি রাতে জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারীর ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় শাপলা কলির শোডাউন চলাকালে সড়কের ওপর টানানো বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের ধানের শীষের নির্বাচনি ব্যানার ছিঁড়ে ফেলে জামায়াতের কর্মীরা। এ বিষয়ে জানতে চাইলে উভয়পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয় এবং একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলামসহ বিএনপির নেতাকর্মীরা আহত হন। এদের মধ্যে চারজনকে আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিকে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারী উপজেলা থেকে জনসভা শেষ করে শোডাউন করে ফেরার পথে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিএনপির নেতাকর্মীরা তাদের গতিরোধ করে হামলা ও মারধর করে। এতে একজন নারীসহ কয়েকজন আহত হন। এদের মধ্যে তিনজনকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম। এ সময় তিনি ঘটনাস্থল পরিদর্শনসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেন এবং উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জড়িতদের দ্রুত আটকের দাবি জানান।
এ বিষয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেননি।