পটুয়াখালী জেলা প্রতিনিধি : বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিক এর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুর ৩ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দুমকি সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল খেলায় অংশগ্রহণের শেষে সহপাঠীদের সাথে কলেজ পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থা দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ' হাসপাতালে নিয়ে আসলেও জরুরি বিভাগ ও আইসিইউতে কোন ডাক্তার ছিল না। ৪০ মিনিট পরে চিকিৎসা শুরু হলেও সন্ধ্যার কিছু আগে আসিফ কে মৃত ঘোষণা করা হয়েছে।
মরদেহ ক্যাম্পাসে নিয়ে আসলে শোকের ছায়া নেমে এসেছে। রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা শেষে হুসাইন মোহাম্মদ আশিক এর গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হুসাইন মোহাম্মদ আশিক কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার তালুক সুবল গ্রামের নুর আলম সরদার ও বিলকিস আক্তার বেগমের সন্তান।
হুসাইন মোহাম্মদ আশিক এর বন্ধু ২০২৩-২৪ সেশনের সাকিব বলেন," সময় মত চিকিৎসা পেলে
আমার বন্ধুর এই মর্মান্তিক মৃত্যু হতো না। চিকিৎসকের গাফিলতির জন্যই এই মৃত্যু "।
প্রক্টর প্রফেসর মো. আবুল বাশার খান মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, " ঘটনাটি অবহিত হওয়ার পর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি ও পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসি। ঘটনাটি মর্মান্তিক, যদি কারো গাফিলতি থাকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। "