ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ৫৪ বছরেও আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে দেয়া হয়নি। ভারতের শিখিয়ে দেয়া গল্প আমাদের গেলানো হয়েছে। আজকের এইদিনে আমাদের প্রকৃত ইতিহাস জানতে হবে।
আজ মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকাল ৮টায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত যুব র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
র্যালিটি চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইট থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বহদ্দারহাট মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এতে হাজার হাজার শ্রমিক ও যুবক, ছাত্রজনতা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সাড়ে ৭ কোটি শ্রমিক, ছাত্র ও যুবসমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। ৫৪ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল দেশ শাসন করলেও মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। ২০২৪ সালের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে মানুষ সেই স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছে। তাই ১৬ ডিসেম্বরের পাশাপাশি আমাদের ৩৬ জুলাইকেও স্মরণ করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ হয়েছেন রংপুরের আবু সাইদ, চট্টগ্রামের ওয়াসিম আকরাম, ফয়সাল আহমদ শান্ত, মোহাম্মদ ফারুকসহ শত শত ছাত্র-জনতা। তাদের রক্তদানের মাধ্যমেই এ দেশের যুবসমাজ ভারতীয় বয়ান, হেজিমনি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল।
র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, নগর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং জামায়াত নেতা ডা. আবু নাছের।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নগর সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, ফখরে জাহান সিরাজী সবুজ, ফারুকে আজম মোহাম্মদ ইসমাইল, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।
সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করছে। আমাদের ঐক্য কেউ ভাঙতে পারবে না।