কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার কোতয়ালী মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ৭ এপ্রিল রাতে থানাধীন ৬নং জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অরণ্যপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে নিজ এলাকা থেকে গাজী মোঃ সালাহ উদ্দিন (৩২) নামক এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে অরণ্যপুর (পূর্ব পাড়া) গ্রামের গাজী ওবায়দুল হকের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামীর স্বীকারোক্তি অনুযায়ী তার বসতঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে পুলিশ ২০ বোতল ব্লেন্ডার্স প্রাইড (Blenders Pride) হুইস্কি, ১৫ বোতল রয়্যাল স্ট্যাগ ডিলাক্স (Royal Stag Deluxe) হুইস্কি, ৫ বোতল রয়্যাল স্ট্যাগ ডিলাক্স (ছোট সাইজ) হুইস্কি,১০ বোতল ব্রো কোড (Bro Code) বিয়ার এবং ৪ বোতল কিংফিশার স্ট্রং প্রিমিয়াম (Kingfisher Strong) বিয়ার।
পুলিশি জিজ্ঞাসাবাদে আসামী সালাহ উদ্দিন জানায়, সে দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে স্বল্প মূল্যে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে সে কুমিল্লা শহরসহ দেশের বিভিন্ন প্রান্তে চড়া দামে এসব বিদেশি মদ ও বিয়ার সরবরাহ ও বিক্রয় করত।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বুধবার বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।