লিখন, ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। আজ রবিবার সকালে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ভবন চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত মেলার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। প্রধান অতিথির বক্তব্যে খুলনার বিভাগীয় কমিশনার বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষে আমাদের এ ধরণের মেলা বেশি বেশি আয়োজন করা জরুরী। মানসম্মত পণ্য উৎপাদন করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাহলেই দেশ লাভবানের পাশাপাশি ক্রেতা-বিক্রেতা উপকৃত হবে। বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা কেউ এখন বেকার থাকতে চায়না। সে কারণে দেশের অর্থনৈতিক উন্নয়নে ছোট ছোট উদ্যোক্তরা এখন ব্যাপক ভূমিকা রেখে চলেছে। তিনি আরো বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি পণ্য সামগ্রির প্রচার ও প্রসার ব্যাপক ভাবে বাড়াতে হবে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, খুলনা বিসিকের ব্যবস্থাপক তাহেরা নাসরীণ। স্বাগত বক্তৃতা করেন বিসিকের জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন। উল্লেখ্য খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে বিসিক জেলা কার্যালয়ে ১০ দিনব্যাপী মেলায় মোট ৩৫টি স্টল প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।