আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজিবপুর উপজেলা শাখার আয়োজনে যথাযোগ্য মর্যাদা, গভীর ভাবগম্ভীরতা ও সংগ্রামী চেতনায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টায় রাজিবপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেয়া হয়।
দিবসটি উপলক্ষে প্রথমেই জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
এরপর সকাল ১০টা ৩০ মিনিটে সংগঠনের ব্যানারে এক বিশাল র্যালি রাজিবপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশ নেন তিন শতাধিক শ্রমজীবী মানুষ এবং সংগঠনের নেতাকর্মীরা। র্যালি শেষে কার্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজিবপুর উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল বাশার আব্দুল লতিফ। শ্রমিক কল্যাণ ফেডারেশন কোদালকাঠি মোহনগঞ্জ ও রাজিবপুর সদর ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ ।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা, বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক ঐতিহাসিক প্রতীক। ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের সেই ত্যাগ আর সাহসিকতার পথ ধরেই আজকের শ্রমিক অধিকার আন্দোলন এগিয়ে যাচ্ছে।” তারা আরও বলেন, “শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না করা পর্যন্ত একটি উন্নত সমাজ গড়া সম্ভব নয়।”
আলোচনায় শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরা হয়।