নিজস্ব প্রতিবেদক : কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিশেষ করে হালাল মাংস রপ্তানি, বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্ল্যাক বেঙ্গল ছাগলের মালয়েশিয়ার বাজারে প্রবেশ, প্রযুক্তি বিনিময়, গবেষণা সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
মঙ্গলবার ৪ আগস্ট বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রীর কার্যালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার H.E. Mohd Shuhada Othman-এর এক সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা।
আলোচনায় হালাল মাংস রপ্তানির সম্ভাবনা, প্রাণিজ পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, আধুনিক প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, দক্ষ জনবল উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশের বিশ্বখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগল মালয়েশিয়ায় রপ্তানির সম্ভাবনা বিশেষ গুরুত্ব পায়। এ লক্ষ্যে প্রাণিস্বাস্থ্য সনদ, হালাল সার্টিফিকেশন, কোয়ারেন্টাইন ব্যবস্থা, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) মানদণ্ড এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনাময় প্রাণিজ পণ্য মালয়েশিয়ার বাজারে সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
এছাড়া মাছ, মাংস, দুধ ও অন্যান্য প্রাণিজ পণ্যের রপ্তানি সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। আন্তর্জাতিক মান বজায় রেখে এসব পণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণে দুই দেশ একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে কাজে লাগিয়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে যৌথ উদ্যোগ গ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি বলেন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল মাংস রপ্তানির সক্ষমতা বাড়াতে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাত বর্তমানে দ্রুত এগিয়ে যাচ্ছে। উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই খাতকে আরও আধুনিক ও রপ্তানিমুখী করা সম্ভব।
মালয়েশিয়ার হাইকমিশনার H.E. Mohd Shuhada Othman বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন।
তিনি বলেন, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ বিভিন্ন সম্ভাবনাময় প্রাণিজ পণ্য এবং কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ রয়েছে। এ ক্ষেত্রে দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং কার্যকর সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
তিনি প্রযুক্তি, গবেষণা, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে মালয়েশিয়া হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি Mr. Hazwan Hasnol উপস্থিত ছিলেন।
দুই দেশের প্রতিনিধিদের এ বৈঠক কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।