তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই-শাল্লা জনপদের একটি অতি গুরুত্বপূর্ণ ও জনবহুল রাস্তা এখন অত্র অঞ্চলের মানুষের কাছে মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে শ্যামারচর বাজারের ব্রিজের মুখ থেকে দাউদপুর বাজার (১নং আটগাঁও ইউনিয়ন পরিষদ) পর্যন্ত অংশটির অবস্থা এতটাই শোচনীয় যে, সাধারণ মানুষের চলাচল এখন রীতিমতো জীবনের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। ভোগান্তির আড়ালে প্রশাসনের উদাসীনতা
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই রাস্তা সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। স্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে প্রশাসন—সব পক্ষই যেন এই জনদুর্ভোগের বিষয়ে নির্বিকার। এবিষয়ে ৪ নং চরনারচর ইউনিয়নের চেয়ারম্যান পরিতোষ রায় বলেন,আমি চেষ্টা করছি কিন্তু পারছিনা।গত তিন-চার বছর ধরে এলাকাবাসী বিভিন্ন মহলে ধর্ণা দিলেও আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি।
রাস্তাটির বেহাল দশার কারণে বর্তমানে সরাসরি যানবাহন চলাচল প্রায় বন্ধ। স্থানীয়দের ভাষ্যমতে, মাত্র কয়েক ফিট রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় কয়েক হাজার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরাসরি যাওয়ার পথ বন্ধ থাকায় যানবাহনগুলোকে প্রায় ১কিলোমিটার ঘুরে এলিংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে দাউদপুর বাজারে আসতে হয়।এতে শুধু যাতায়াত খরচই বাড়ছে না, বরং জরুরি রোগী ও সাধারণ মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে প্রতিনিয়ত।
দিরাই-শাল্লার এই রাস্তাটি শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, এটি এই জনপদের অর্থনীতির অন্যতম প্রধান ধমনী। কিন্তু সংস্কারহীন এই রাস্তা এখন দুর্ঘটনার কারখানায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও এর কোনো স্থায়ী সমাধান চোখে পড়ছে না।
হাজার হাজার ভুক্তভোগী মানুষের এখন একটাই প্রশ্ন—এই বিড়ম্বনার শেষ কোথায়? ভাটির জনপদের মানুষের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানিয়েছে এলাকাবাসী।