রোকশানা নীলা : কুমিল্লার তিতাস ও দাউদকান্দি থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে পাওয়া যায় স্বর্ণালংকার, ১৩টি মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা এবং ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার বিকেলে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিক ভাবে এসব তথ্য জানায়।
পুলিশ জানায়, গত ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে তিতাস উপজেলার উজিরাকান্দি গ্রামের নাছরিন আক্তার এবং কাকিয়াখালী গ্রামের মঞ্জুরা বেগমের বাড়িতে পৃথক দুটি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ও প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নেয়।
এ ঘটনায় তিতাস থানায় মামলা দায়েরের পর কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় ডিবি পুলিশ এবং দাউদকান্দি ও তিতাস থানা পুলিশ যৌথ অভিযান শুরু করে। অভিযানে জীবন মিয়া (৪৫), দেলোয়ার হোসেন (৪৫), আনোয়ার হোসেন (৪৫), নাসির (৩৬), আবু তাহের (২২), জামাল কুদ্দুস (৪০), ওবাইদুল (৩৫), হানিফ (২৯), সৌরভ হোসেন (২২), জহির (৪৮), মকবুল হোসেন (৩৭) ও কামাল (৩২) নামের ১২ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে জীবন মিয়ার বিরুদ্ধে ১১টি, জহিরের বিরুদ্ধে ১২টি এবং কামালের বিরুদ্ধে ১১টিসহ অধিকাংশের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— স্বর্ণের চেইন, কানের দুল, রূপার নূপুর, ডিজিটাল ক্যামেরা, ব্লেন্ডার মেশিন, রাউটার এবং ডাকাতিতে ব্যবহৃত লোহার শাবল, রড ও বড় কাটার। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।