কুমিল্লা প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লার প্রেস ক্লাবের মিলনায়তনে খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী শাখার উদ্যোগে সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তারা ইনসাফভিত্তিক সমাজ গঠনে আলেম-উলামা ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শনিবার ৭ই মার্চ বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জিহাদ, মাওলানা আবুল কাশেম, অধ্যক্ষ মোহাম্মদ আহসানুল বাশার, খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সহ-সভাপতি মাওলানা আমির হামজা, কেন্দ্রীয় প্রতিনিধি মোঃ ইকরামুল হক, দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহজাদা এমরান, কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মোঃ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব অধ্যাপক আব্দুল জলিল। মহানগরী সভাপতির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার শীর্ষস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর মাহে রমজানের গুরুত্ব এবং বর্তমান প্রেক্ষাপটে খেলাফত মজলিসের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মহানগরী শাখার নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বর্তমান সময়ের সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামের শিক্ষার ওপর জোর দেন। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন,সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। একটি সুন্দর ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকদের লেখনী অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে। অন্যদিকে, খেলাফত মজলিস চায় মানুষের অধিকার নিশ্চিত করে একটি শান্তিময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। এই লক্ষ্য অর্জনে সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং আদর্শিক রাজনীতির মেলবন্ধন প্রয়োজন।
সূর্যাস্তের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিশেষ করে ফিলিস্তিনসহ সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য এবং বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি ও শান্তির জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।