কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলায় ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ ২৪ মে রবিবার সকালে কোতয়ালী মডেল থানা এলাকার শালধর জামতলা চৌমুহনীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. বিল্লাল হোসেন ওরফে সিফাত (৩৬)। সে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বড়জালা গ্রামের মৃত আলী আকবরের ছেলে।
র্যাব প্রেসরিলিজে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কোতয়ালী মডেল থানাধীন শালধর সাকিনস্থ জামতলা চৌমুহনী এলাকায় একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনকে আটক করা হয় এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত হতে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে সে এসব গাঁজা কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় ও সরবরাহ করত।
র্যাব আরও জানায়,”মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”