মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা - ৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপি থেকে নমিনেশন না পেয়ে স্বতন্ত্র ফুটবল প্রতীকে প্রার্থী হওয়া সামিরা আজিম দোলা নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার রাত ৯ টায় দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে কুমিল্লা নগরীর একটি রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। দোলা ওই আসনের বিএনপি দলীয় প্রয়াত এমপি আনোয়ারুল আজিমের মেয়ে।
সংবাদ সম্মেলনে সামিরা বলেন, দলের বৃহত্তর স্বার্থে স্বতন্ত্র প্রতীকে আর নির্বাচন করছি না। আজ থেকে আমার অনুসারীদের নিয়ে ধানের শীষ বিজয়ী করতে কাজ করবো।
এ সময় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং কুমিল্লা দক্ষিণের ৬টি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদের সমন্বয়ক আমিন উর রশিদ (ইয়াছিন), বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ আসনের বিএনপির প্রার্থী মো.আবুল কালাম, কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রশিদ আহমেদ হোসাইনী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।