এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ড. শফিকুর রহমানের সামাজিক মাধ্যম এক্স পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিচার দাবি করে পঞ্চগড়ের বোদায় ঝাড়ু মিছিল করেছে বিভিন্ন পেশাজীবি নারীরা।
সোমবার ২ ফেব্রুয়ারি বিকেলে বোদা উপজেলা ও বোদা পৌরসভার কর্মজীবী এবং সাধারণ মা বোনেরা ব্যানারে আয়োজিত ঝাড়ু মিছিলটি উপজেলা সদরের ধানহাটি থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা এসময় কর্মজীবি নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যবের প্রতিবাদ জানিয়ে, ‘ছি ছি শফিক, জামাত শিবির মোনাফেক ‘, ‘মোনাফেকের ঠিকানা এই বাংলায় হবেনা’, নারী চায় হিস্যা, শফিক বলে বেস্যা’ ইত্যাদি স্লোগান দেয়।
বিক্ষোভে অংশ নেয়া উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের ভিমপুকুর এলাকার বাসিন্দা গ্রাম্য স্বাস্থ্য কর্মী আরিফা আক্তার মণি জানান, জামায়াতের আমীর শফিকুর রহমান এর স্ত্রী ও শুনেছি ডাক্তারী পেশায় জড়িত অথচ তিনি কর্মজীবী নারীদের এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। একজন নারী হিসেবে এর তীব্র প্রতিবাদ ও বিচার দাবী করছি।
বোদা পৌরসভা নগরকুমারি এলাকার গৃহিনী কাজলরেখা বলেন, কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমীরের বক্তব্য কে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং তাকে নারী সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহবান করছি।
এর আগে উপজেলা ও পৌর এলাকা থেকে কয়েকশত নারী দলে দলে এসে বোদা ধানহাটিতে জড়ো হয়। পরে সেখান থেকে এই ঝাড়ু মিছিল বের করে।