রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের চর গোলাবাড়ি এলাকায় সেতু না থাকায় দুর্ভোগে পড়েছেন অন্তত পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। দীর্ঘ তিন দশকের বেশি সময় পার হলেও কাঙ্ক্ষিত সেতুটি নির্মিত না হওয়ায় স্থানীয়দের চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
জানা গেছে, ইউনিয়নের জোড়খালী, খিলকাটি, হাটমাগুড়া, জামদহ ও ফুলজোড় গ্রামের মানুষ প্রতিদিন ইউনিয়ন পরিষদ থেকে খিলকাটি সড়ক ব্যবহার করে চলাচল করেন। মাঝখানে খাল থাকায় সেখানে সেতু না থাকায় বর্ষায় নৌকা একমাত্র ভরসা, আর পানি কমে গেলে কাদা ও ভাঙা পথে যাতায়াত একেবারেই বন্ধ হয়ে যায়।
স্থানীয় শিক্ষার্থী আল আমিন বলেন, “খাল পার হতে না পারায় স্কুল-কলেজে যেতে পারি না, অনেক সময় ক্লাস মিস হয়ে যায়।” কৃষকরা জানান, ফসল বাজারে নিতে না পারায় তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। এমনকি অসুস্থ রোগীকেও সময়মতো হাসপাতালে নেয়া সম্ভব হয় না।
সহকারী শিক্ষক সামিউল ইসলাম বলেন, “এলাকাবাসীর বহুদিনের প্রাণের দাবি একটি সেতু। ছোটবেলা থেকেই শুনে আসছি—‘ব্রিজ হবে’—কিন্তু আজও হয়নি। এখন মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।”
স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান আনিছ জানান, “বছরের পর বছর ধরে কয়েক গ্রামের মানুষ এই ভোগান্তির শিকার। পানি থাকলে নৌকা চলে, না থাকলে কিছুই চলে না। সরকারের কাছে আমাদের একটাই দাবি—অবিলম্বে এই সেতুটি নির্মাণ করা হোক।”
জোড়খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজা মিয়া বলেন, “চর গোলাবাড়ি এলাকায় ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু স্থাপনা রয়েছে। সেতু না থাকায় শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ভোগান্তিতে। ব্রিজটি নির্মাণ হলে শিক্ষা, কৃষি ও অর্থনীতিতে উন্নতি আসবে।”
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, “জোড়খালী ইউপি অফিস থেকে খিলকাটি সড়কে প্রায় ৩০০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ প্রকল্প প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে সয়েল টেস্টের প্রস্তুতি চলছে। টেস্ট সম্পন্ন হলে দ্রুত পরবর্তী কার্যক্রম হাতে নেওয়া হবে।”