ইনসাফ ডেস্ক : আজ ২ ই জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির পল্টন কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন ও দলের উপদেষ্টা শাহ মোহাম্মদ আবু জাফর।
শোক বইয়ে স্বাক্ষর শেষে জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির এক অতন্দ্র প্রহরী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ভূমিকা পালন করেছেন। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সবসময় সোচ্চার ছিলেন। তাঁর সাহসী নেতৃত্ব, ত্যাগ ও অবদান এদেশের মানুষ কখনো ভুলবে না। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি ছিলেন গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার প্রতীক। বেগম খালেদা জিয়ার স্মৃতি ও আদর্শ এদেশের মানুষের মনে চিরকাল অমলিন থাকবে।”
জনতা পার্টি বাংলাদেশের উপদেষ্টা শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, “দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আপসহীন নেতৃত্ব দিয়ে বারবার জনগণের অধিকার রক্ষায় সামনে থেকেছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও দেশপ্রেম নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন, জনতা পার্টি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এম এ ইউসুফ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান প্রমুখ।
নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।