এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : বাংলাদেশ সংসদীয় আসন পঞ্চগড় -২ থেকে জাতীয়তাবাদী দল (বিএনপি)'র দলীয় মনোনয়ন পেয়ে "প্রতিটি দুয়ারে আমরা " কর্মসূচি নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি'র পল্লী উন্নয়ন সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পঞ্চগড় দুই (বোদা-দেবীগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে শুরু হয়েছে নির্বাচনি আমেজ। দীর্ঘ দিন পর ভোটে পছন্দের প্রার্থীকে পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরাও। নিজ নিজ এলাকায় নতুন করে প্রচারে নেমেছেন ধানের শীষের পক্ষে দলীয় নেতাকর্মীরা।
রবিবার ৯ নভেম্বর বোদা পৌর এলাকার ৮ নং ওয়ার্ডে গণসংযোগ চলার একফাঁকে বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় -২ আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাওয়া ফরহাদ হোসেন আজাদ বলেন, "আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়কাল থেকেই এই এলাকার মানুষের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছি। ছাত্র অবস্থাতেই এই এলাকা তথা উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের মানসে রাজনীতিতে সক্রিয় হয়েছি। ছাত্ররাজনীতি ও যুব রাজনীতি শেষে এখন বিএনপির কেন্দ্র ও জেলায় সম্পাদক এর দায়িত্ব পালন করছি। এছাড়াও বিগত দিনে স্বৈরাচারী সরকারের বিপক্ষে জণগণকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলেছি।ফলে এই এলাকার পথঘাট, শিক্ষা-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য সহ মানুষের ভালো মন্দ সমস্যা এবং সম্ভাবনা আমার জানা। এবারের জাতীয় নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি পরিবার আমার প্রতি আস্থা রেখে ধানের শীষের প্রার্থী করে এই এলাকার মানুষের জন্য কিছু করার সুযোগ তৈরি করে দিয়েছেন। এই আসনটি তারেক রহমানকে উপহার দিতে আমরা বদ্ধপরিকর। ইতিমধ্যে দুই উপজেলায় 'প্রতিটি দুয়ারে আমরা ' কর্মসূচীর মধ্য দিয়ে প্রতিটি ভোটারের কাছে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা সহ আমাদের স্বপ্ন পৌঁছে দিচ্ছি। আমি 'বোদা ও দেবীগঞ্জ বাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি।”