ইনসাফ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে পাঁচটি সিটি নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ রবিবার ২৯ মার্চ রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
ঘোষণা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে (ডিএনসিসি) লড়বেন এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।
এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রার্থী করা হয়েছে এনসিপির জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামকে, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে লড়বেন সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল। আর রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী।