
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে হেযবুত তওহীদের আয়োজনে ‘মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রস্তাবনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান। তিনি বলেন, বর্তমান বিশ্ব এক ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ, রক্তপাত ও আগ্রাসনের মাধ্যমে দুর্বলের ওপর সবলের অত্যাচার চলছে। বাংলাদেশও এর বাইরে নয়। আজ আমরা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটের মুখোমুখি।
তিনি বলেন, দেশে আন্দোলন হচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত শান্তি ও মানবাধিকার নিশ্চিত হচ্ছে না। এদিকে উগ্রবাদী গোষ্ঠীগুলো ধর্মের নামে ফ্যাসিবাদী আচরণ করছে। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন ইসলামের সঠিক শিক্ষা এবং সমাজে তার বাস্তবায়ন।
এ সময় তিনি ইসলামের সঠিক আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
হেযবুত তওহীদের গণমাধ্যম যোগাযোগ সম্পাদক শারমিন সুলতানা চৈতির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. সামসুল হুদা, সাপ্তাহিক সুবাণীর সম্পাদক আইয়ুব রানা, চ্যানেল এস এর সিটি রিপোর্টার শামীম হোসাইন, নিউ এজের স্টাফ করেসপন্ডেন্ট নাসির উজ জামান, ডেইলি এক্সপ্রেস এর বার্তা সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত সাংবাদিক ও সুধীজনের হেযবুত তওহীদের এমন আয়োজনকে স্বাগত জানান এবং আগামী দিনেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।