পঞ্চগড় প্রতিনিধি : বাজেট ও জনবলের কারণে স্বাস্থ্য সেবাটা এখনো ছড়িয়ে দেয়া যায়নি বলে মন্তব্য করেছেন পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।
মঙ্গলবার ৭ এপ্রিল সকালে সিভিল সার্জন অফিসের হলরুমে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিরাপদ পানি, পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমেই একটি সুস্থ জাতি গঠন সম্ভব।
তিনি বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হওয়ার কথা উল্লেখ করে বলেন, গবেষণায় দেখা গেছে, দেশে প্রতি ১ হাজার জন মানুষের জন্য ০.৩ জন চিকিৎসক রয়েছে। অর্থাৎ জনগণের স্বাস্থ্য সেবাটা এখনো নিশ্চিত হয়নি। তবে যদি নিজেরা সচেতন হওয়া যায় তাহলে সুস্থ জীবনযাপন করা সম্ভব। নিয়মকানুন মেনে চললে এবং সচেতন হলে চিকিৎসা সেবার প্রয়োজন কম হয়।
'স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ' - প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এর আগে সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পঞ্চগড়-বাংলাবান্ধা মহসড়ক প্রদক্ষিণ করে আবারো সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের হলরুমে সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জান্নাতুন ফেরদৌস, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সামান্তা আক্তার প্রমূখ।
এ সময় শোভাযাত্রা ও আলোচনা সভায় পঞ্চগড় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।