এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : "আমরা খবর পাচ্ছি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং করার জন্য বাংলাদেশের একটি রাজনৈতিক দল সিল তৈরি করছে" বলে মন্তব্য করেছেন পঞ্চগড় ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।
বুধবার ৪ জানুয়ারি রাতে পঞ্চগড় দুই (বোদা-দেবীগঞ্জ) আসনে ময়দানদীঘি ও ঝলইশালশিরি ইউনিয়নে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী ভোট নিয়ে বিএনপির জনপ্রিয়তা দেখে একটি কুচক্রী মহল ভোট ইঞ্জিনিয়ারিং সহ নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি কোন হিংসা বিদ্বেষের রাজনীতি করেনা। ক্ষমতায় গেলে যোগ্যতার মাপকাঠিতে বিএনপি দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ।
সাধারণ ভোটারদের উদ্দেশ্যে এ সময় তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হলে দূর্নীতির গলা চেপে ধরবো। আপনারা আমাকে ১২ তারিখে সহযোগিতা করবেন, আগামী পাচ বছর আপনাদের সেবায় আমি নিয়োজিত থাকবো।
বোদা উপজেলার ঝলইশালশিরি ও ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির আয়োজনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আফাজুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার, রিয়েল, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ, উপজেলা যুবদল সভাপতি ও ঝলইশালশিরি ইউনিয়নের প্রধান সমন্বয়কারী এলাহি সাগর, বিএনপি নেতা ইদ্রিস আলী, আলতাফ হোসেন, এডভোকেট ফেরদৌস প্রমুখ।
এ সময় কয়েক হাজার সাধারণ ভোটারসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।