সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ১,৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর ব্রিজের উত্তর পাশে এ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সন্দেহভাজন হিসেবে পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার আমতৈল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ মোস্তাক আহমেদ (৩৬)-কে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার পরিহিত পাঞ্জাবির নিচে কোমরে কালো কাপড়ে পেঁচানো অবস্থায় ১,৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোন ও একটি প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মোঃ ইউছুব আলী বাদী হয়ে মধ্যনগর থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) নাজমুল ইসলামকে অর্পণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হবে।