রোকসানা নীলা : কুমিল্লা নগরীর সাধারণ মানুষ, পথচারী এবং শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে আবারও অনন্য এক মানবিক উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে সেবামূলক প্ল্যাটফর্ম ‘ কুমিল্লার জন্য আমরা’। আজ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি পহেলা রমজান থেকে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে শুরু হয়েছে ৩০ দিনব্যাপী ফ্রি ইফতার বিতরণ কর্মসূচি।
আজ বৃহস্পতিবার রমজানের প্রথম দিনে আসর নামাজের পর থেকেই টাউন হল প্রাঙ্গণে প্রস্তুতির ব্যস্ততা দেখা যায়। স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খলভাবে ইফতারের প্যাকেট ও পানীয় সাজাতে শুরু করেন। মাগরিবের আজানের আগে আগে কয়েক শ’ মানুষ এই ইফতার আয়োজনে শামিল হন।
এই প্লাটফর্মটির প্রতিনিধি ফজলুর রহমান ফাহিম বলেন, আমাদের লক্ষ্য কেবল খাবার বিতরণ নয়, বরং কুমিল্লার মানুষের মাঝে একটি সহযোগিতামূলক সংস্কৃতি গড়ে তোলা। আগামী ৩০ দিন এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা চেষ্টা করছি প্রতিদিন মেনুতে পুষ্টিকর ও মানসম্মত খাবার রাখতে। আমাদের এই উদ্যোগটিতে সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করছে।
ইফতারে অংশ নেয়া এক রিকশাচালক আবেগাপ্লুত হয়ে বলেন, "রাস্তায় কাম করতে করতে ইফতারের সময় হয়ে যায়। টাউন হলে এই আয়োজনের কথা শুনে আসলাম। সবার সাথে একসাথে বসে ইফতার করতে পেরে খুব ভালো লাগছে।"