আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. এফ. এম. শামীম-এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে বর্ণাঢ্য ও আনন্দঘন করতে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় নববর্ষের দিন শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা, লোকজ মেলা আয়োজনসহ নানা কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান, ডাক্তার সারোয়ার জাহান, উপজেলা বিএনপি আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান,
উপজেলা জামায়াতী ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা, শিক্ষক, এছাড়াও রাজনৈতিক ব্যক্তিরা ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই দিনটি উদযাপনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা নতুন করে জাগ্রত হয়। তাই এ বছরের উদযাপন যেন সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও এ. এফ. এম. শামীম বলেন, "পহেলা বৈশাখ আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এ উৎসবকে ঘিরে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং সার্বিক ব্যবস্থাপনায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।"