ইনসাফ ডেস্ক : বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের পরিচিত মুখ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে টালিউডে নেমেছে শোকের ছায়া।
আজ রবিবার ২৯ মার্চ দিঘার কাছে উড়িষ্যার তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালীন পানিতে নেমে দুর্ঘটনার শিকার হন। পরে তাকে উদ্ধার করে দিঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানান।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী, ৪৩ বছরের রাহুল ওই দিন ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। তালসারির জলে নামার পর আচমকাই তিনি তলিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা ও ইউনিটের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করেন। তখন তিনি অচৈতন্য অবস্থায় ছিলেন বলেই খবর। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
তবে ঠিক কোন পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। শুটিংয়ের প্রয়োজনে তিনি পানিতে নেমেছিলেন, নাকি শুটিংয়ের ফাঁকে সমুদ্রে গিয়েছিলেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই কারণেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।
ধারাবাহিকে রাহুলের সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, ইউনিটের সকলে দিঘা-তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। শুটিংয়ের পর ইউনিটের একাংশ খেতে গিয়েছিলেন। সেই সময় রাহুল আরও কয়েকটি শট দেবেন বলে জানিয়েছিলেন। পরে আচমকাই তার জলে তলিয়ে যাওয়ার খবর আসে। ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
সহ-অভিনেতার এই আকস্মিক প্রয়াণে স্তম্ভিত টালিপাড়া। যারা তার সঙ্গে কাজ করছিলেন, তাদের অনেকেই প্রথমে খবরটি বিশ্বাস করতে পারেননি। কারণ, কাজের জায়গায় রাহুল ছিলেন সম্পূর্ণ স্বাভাবিক, সক্রিয় এবং সুস্থ। কয়েক ঘণ্টা আগেও যিনি শুটিং ফ্লোরে ব্যস্ত ছিলেন, তার এমন পরিণতি কেউ কল্পনাও করতে পারেননি।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দিন ধরেই বাংলা বিনোদন জগতের পরিচিত নাম। ছোটপর্দা, বড়পর্দা, মঞ্চ—সব ক্ষেত্রেই তিনি নিজের উপস্থিতি জানান দিয়েছেন। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির পর তিনি আলাদা জনপ্রিয়তা পান। এরপর একের পর এক বাংলা ছবি, ধারাবাহিক এবং ওটিটি কনটেন্টে অভিনয় করে দর্শকের কাছে নিজের আলাদা জায়গা তৈরি করেন।
মাত্র কিছু দিন আগেও তিনি নতুন কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। বাংলা ধারাবাহিকের পাশাপাশি আরও বেশ কিছু কাজের প্রস্তুতিও চলছিল। সেই জায়গা থেকেই তার এই আকস্মিক মৃত্যু বাংলা বিনোদন জগতের কাছে আরও বড় আঘাত। যে মানুষটি কিছু সময় আগেও ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করছিলেন, তিনিই আর ফিরবেন না-এই সত্যি মেনে নিতে পারছেন না তার অনুরাগীরাও।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, ঠিক কী ঘটেছিল তালসারিতে? শুটিংয়ের প্রয়োজনেই কি জলে নামা হয়েছিল, নাকি তা ছিল শুটিংয়ের বাইরের মুহূর্ত? নিরাপত্তা ব্যবস্থায় কোনও ঘাটতি ছিল কি না, তা-ও এখনও পরিষ্কার নয়। ফলে পুরো ঘটনার বিস্তারিত সামনে আসতে আরও কিছুটা সময় লাগতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট, রোববারের এই ঘটনা টালিপাড়ার কাছে এক গভীর শোকের দিন হয়ে রইল
এখন সবচেয়ে বড় প্রশ্ন, ঠিক কী ঘটেছিল তালসারিতে? শুটিংয়ের প্রয়োজনেই কি জলে নামা হয়েছিল, নাকি তা ছিল শুটিংয়ের বাইরের মুহূর্ত? নিরাপত্তা ব্যবস্থায় কোনও ঘাটতি ছিল কি না, তা-ও এখনও পরিষ্কার নয়। ফলে পুরো ঘটনার বিস্তারিত সামনে আসতে আরও কিছুটা সময় লাগতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট, রোববারের এই ঘটনা টালিপাড়ার কাছে এক গভীর শোকের দিন হয়ে রইল।