পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলার ৭ নং চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থদের বরাদ্দকৃত সরকারি ভিজিডি (দুস্থ মহিলা উন্নয়ন) কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ এনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৈবুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার হতদরিদ্ররা।
বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী - পুরুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রকৃত অসহায় ও দরিদ্ররা দীর্ঘদিন ধরে ভিজিডি কার্ড থেকে বঞ্চিত হলেও অর্থ ও প্রভাব খাটিয়ে পছন্দের লোকজন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
বক্তারা বলেন, 'আমরা দিন এনে দিন খাই, অথচ সরকারি চাল ও ভিজিডি কার্ড থেকে বঞ্চিত হচ্ছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৈবুর রহমান ভিজিডি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করে হতদরিদ্র মানুষের সাথে প্রতারণা করেছেন।' অস্বচ্ছল এবং হতদরিদ্রদের বাছাই করে কার্ড বিতরণ করার কথা থাকলেও প্যানেল চেয়ারম্যান তৈবুর অর্থের বিনিময়ে স্বচ্ছল ও সম্পদশালীদের নামের তালিকা করেছেন। যারা টাকা দিতে পারেনি তাদের কার্ড হয়নি বলেও অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান।
এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল) তৈবুর রহমান সহ তালিকা তৈরির অনিয়মের সাথে জড়িত সকলের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হতদরিদ্র এবং অসহায়ের নতুন তালিকা করার দাবী করা হয়।
চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য লাভলী আক্তার জানান, ভিজিডি কার্ড বাছাইয়ে প্যানেল চেয়ারম্যান নিজের মতো করে সব করেছেন, আমার তিনটি ওয়ার্ড নিয়ে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে একটিও কার্ড দিতে পারিনি। টাকা ছাড়া এখানে কার্ড মেলেনা বলে কিছুদিন আগে ইউএনও'র কাছে অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি।
ইউপি সদস্য ছামিউল ইসলাম জনকণ্ঠ কে বলেন, ভিজিডি কার্ড বাছাইয়ে আমাদের কোন মতামত সুপারিশ নেয়া হয়নি। মেম্বারদের ছাড়াই ট্যাগ অফিসার, মহিলা অফিসের প্রতিনিধিরা বাছাইয়ের কাজ করেছে। মেম্বারদের অন্তর্ভুক্ত না করে প্রকৃত অসহায় হতদরিদ্র তালিকা কিভাবে হবে।
প্যানেল চেয়ারম্যান তৈবুর রহমানের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জনকণ্ঠকে মুঠো ফোনে বলেন, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা। কিছু স্বচ্ছল ব্যক্তির নাম তালিকায় আছে এ বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছি। তালিকা বাছাইয়ে ট্যাগ অফিসার, সমবায় ও মহিলা অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।