সাজ্জাদুল হাসনাত ইমন : চট্রগ্রাম হাটহাজারী উপজেলার নাজিরহাট মন্দাকিনীতে বিয়ের সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে রবিউল ইসলাম বাবু নামের (৪০) একজন খুন হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
জানা যায়, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট ঘাট স্টেশন সংলগ্ন মুছা সওদাগরের বাড়িতে শুক্রবার রাত ৮ টার সময় বিয়ের প্রস্তুতিমুলক সামাজিক বৈঠক চলছিল। এমন সময় বৈঠকে বাবুর সাথে বাকবিতণ্ডা হয় একই বাড়ির জসিমের (৪৮)সাথে। কথা বাড়াবাড়ির এক পর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বাবু ঘটনাস্থলেই মারা যান। বাবু মুছা সওদাগরের বাড়ির মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে। তিনি নাজিরহাট ঘাট স্টেশন এলাকার একজন ব্যবসায়ী।
স্থানীয় সূত্রগুলো জানায়, বৈঠকে থাকা লোকজন বাবুকে উদ্ধার করতে গেলে জসিম তাদেরকেও ছুরি দিয়ে আঘাত করে। আহত দুইজনকে নাজিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন খুনি জসিমকে স্থানীয় আজমির হোটেলে আটক করে। পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশকে ঘটনাস্থলে পৌঁছে।