মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামের এক ধর্ষণ মামলার আসামিদের শাস্তির দাবি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কিশোরীর পিতা আব্দুস সাহিদ। সোমবার সকাল ১১টায় শহরের মুক্তারপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে আব্দুস সাহিদ অভিযোগ করেন, গত ২১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে তার মেয়ে তানজিনা বেগম (১৭) কে একই গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে আরিফ মিয়া (১৯) জোরপূর্বক ধর্ষণ করে এবং সহযোগী সাজাউর মিয়ার ছেলে শাহিন মিয়া (২২) মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ঘটনাস্থল ছিল শাহিন মিয়ার বসতঘর। মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
আব্দুস সাহিদ জানান, ভুক্তভোগী তানজিনা বেগম দিনমজুর পরিবারের সন্তান এবং চার ভাই-বোনের মধ্যে সে বড়। ঘটনার দিন ছোট ভাইকে নিয়ে বিদ্যালয় থেকে ফেরার পথে এ নৃশংস ঘটনার শিকার হয়।
তিনি বলেন, ঘটনার পর প্রথমে তারা স্থানীয় প্রভাবশালী ও আত্মীয় আতাউর রহমানকে অবগত করলেও কোনো সমাধান মেলেনি। মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ২৩ আগস্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চলতি মাসের ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এরপর থেকে ধর্ষক আরিফ মিয়ার আত্মীয়-স্বজনরা ভুক্তভোগী পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
সংবাদ সম্মেলনে আব্দুস সাহিদ আরও অভিযোগ করেন, গত ২১ সেপ্টেম্বর রবিবার সকালে আরিফ মিয়াকে আদালতে হাজির করার সময় তার মামা আতাউর রহমান মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে বলেন, 'আমার ভাগ্না নির্দোষ প্রমাণিত হলে ভয়াবহ কারবালার মাঠ হবে, সেই মাঠের খুঁটি তুমিও হবে।' এ হুমকিতে তাদের পরিবার আরও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি তাদের পরিবারকে হুমকি-ধমকি থেকে রক্ষা করতে জরুরি পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সালিশ ব্যক্তিত্ব মোসাদ্দেক হোসেন, মেয়ের নানা আক্কাছ মিয়া প্রমূখ।