রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার ১১ জানুয়ারি) বড় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
এর আগে, গত ৩ জানুয়ারি বিকেলে জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।
আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল করে প্রার্থীর আবেদন মঞ্জুর করে নেয়।
শুনানি শেষে মাওলানা মুজিবুর রহমান আজাদী বলেন, “মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় অনিচ্ছাকৃত একটি স্বাক্ষর জটিলতার কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। নির্বাচন কমিশনে আপিল করার পর আজ ন্যায়বিচার পেয়েছি।”
তিনি জামালপুর-৩ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সবার সহযোগিতা নিয়ে আগামী দিনে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে চাই।”
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।