ছাতকের বনভূমি ও পরিবেশ রক্ষায় যৌথ অভিযানের নির্দেশ এমপি কলিম উদ্দিনের
- আপডেট সময় : ০৯:৫০:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের ছাতক উপজেলার সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষা এবং বনজ সম্পদ সুরক্ষায় সরেজমিনে পরিদর্শনে গেছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। মঙ্গলবার ২১ জুলাই বিকেলে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল ও বাগান এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য বনভূমির সার্বিক অবস্থা, নতুন বৃক্ষরোপণ, বাগানের রক্ষণাবেক্ষণ ও সরকারি সম্পদ সুরক্ষায় নেওয়া পদক্ষেপের বিস্তারিত খোঁজখবর নেন। একই সাথে বনভূমিতে অবৈধ অনুপ্রবেশ, জমি দখল এবং পরিবেশ ধ্বংসের বিষয়গুলো নিয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।
এ সময় সংরক্ষিত বন এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন অবিলম্বে ও সম্পূর্ণরূপে বন্ধের নির্দেশ দিয়ে এমপি মিলন বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষা করা সরকারের অন্যতম অগ্রাধিকার। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ টিকিয়ে রাখতে কোনো অবহেলা সহ্য করা হবে না। অবৈধ বালু উত্তোলন বা বনভূমি দখলের সাথে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বনভূমি রক্ষায় কিছু জরুরি পদক্ষেপ গ্রহণের জোর তাগিদ দেন সংসদ সদস্য বনভূমির সীমানা স্পষ্টভাবে চিহ্নিত করতে বাঁশের বেড়া নির্মাণ।
বন বিভাগ, থানা পুলিশ, নৌ পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা।পরিদর্শন শেষে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন জানান, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী পরিবেশ বিনষ্টকারী ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন ও নৌ পুলিশ কঠোর অবস্থানে থাকবে এবং নিয়মিত আইনি অভিযান অব্যাহত রাখবে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করছেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এই সমন্বিত উদ্যোগের ফলে ছাতকের ঐতিহ্যবাহী বনাঞ্চল ও পরিবেশ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।




















