চরফ্যাশনে পাচারের উদ্দেশ্যে রাখা বিরল প্রজাতির শতাধিক কাছিম উদ্ধার
- আপডেট সময় : ০৭:৪৫:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
ভোলা প্রতিনিধি : অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা শতাধিক বিরল প্রজাতির কাছিম উদ্ধার করে চরফ্যাশন উপজেলা বন বিভাগ। বিলুপ্তপ্রায় দুটি প্রজাতির কাছিমগুলো উদ্ধারের পর কাছিমগুলো উপজেলা কার্যালয়ে নিয়ে আসে সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে বন বিভাগের পুকুরে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।
বন বিভাগ জানায়, পাচারের উদ্দেশ্যে চরফ্যাশন বাজার সংলগ্ন স্থান থেকে বিপুল সংখ্যক কচ্ছপ মজুত করা হয়েছে- এমন সংবাদ পেয়ে সোমবার রাতে ২৪ আগস্ট বন বিভাগ অভিযান চালায়। এ সময় চরফ্যাশন মাছ বাজার সংলগ্ন স্থান রাখা একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে থেকে সুন্ধি ও করি কাইট্টা প্রজাতির কাছিমপগুলো উদ্ধার করে তারা।
উদ্ধারের সময় চরফ্যাশন রেঞ্জ কর্মকর্তা জনাব মো: ছালাম হোসেন এর নির্দেশনায়, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জনাব নাসিম আল খুশবু এর নেতৃত্বে চরমানিকা বিট অফিসার, বাসিরদোন বিট অফিসার, ঢালচর বিট অফিসার, চর জহিরুদ্দিন বিট অফিসারসহ রেঞ্জের সকল স্টাফ অভিযানে অংশগ্রহণ করে।
বরিশাল অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম, বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল, এবং সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান, চরফ্যাশন রেঞ্জ অফিস পুকুরে অবমুক্ত করেন।
বন বিভাগের বন কর্মকর্তা আবদুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে আমাদের কাছে তথ্য আসে চরফ্যাশন উপজেলার ৪টি স্থান থেকে দীর্ঘদিন ধরে বিলুপ্ত কচ্ছপ পাচার করা হয়। বাংলাদেশে ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী কচ্ছপ শিকার ও পাচার সম্পূর্ণ নিষিদ্ধ হলেও চোরাকারবারিরা এসব কচ্ছপ অবৈধভাবে শিকার ও পাচার করে আসছে। আন্তর্জাতিক বাজারে এর মাংস ও খোলসের দাম চড়া হওয়ায় তারা বেশি লাভের আশায় কচ্ছপ পাচার করছে। রাতে উদ্ধার হওয়া কচ্ছপগুলো সন্ধি ও করি কাইট্টা প্রজাতির। যা বাংলাদেশে প্রায় বিলুপ্ত। পরিত্যাক্ত অবস্থায় পাওয়ায় কারো বিরুদ্ধে মামলা হয়নি বলেও জানান তিনি।




















