জুলাই যোদ্ধাদের ত্যাগ বৃথা যেতে দেবো না : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
- আপডেট সময় : ১০:৫৪:০৮ অপরাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : জুলাই যোদ্ধারা চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, এই ত্যাগের কথা শুধু মুখে নয়, কর্মে ও অন্তরে ধারণ করতে হবে।
শনিবার ৮ আগস্ট বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জুলাই আন্দোলনকারীরা একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করেছিল। আমাদের দায়িত্ব হলো তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করা। ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের গণআন্দোলনে যারা দেশের মানুষের মুক্তি ও স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
তিনি আরও বলেন, আজকের এই সভা থেকে আমাদের শপথ নিতে হবে—শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
জাকারিয়া তাহের বলেন, বিগত সময়ে দেশ নানা সংকটের মধ্য দিয়ে গেছে। এখন সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখলে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে।
তিনি কুমিল্লার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, সরকার ঘোষিত সুযোগ-সুবিধা থেকে কোনো শহীদ পরিবার বঞ্চিত হবে না। প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হবে।
সভায় প্রধান আলোচকের বক্তব্যে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা দীর্ঘদিনের স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছে। তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।
তিনি বলেন, জুলাই যোদ্ধাদের ত্যাগ ও আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। তাদের প্রতি বর্তমান সরকার আন্তরিক থাকবে এবং তাদের প্রত্যাশা পূরণে কাজ করবে।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লা বারের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।




















