কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩৭৯
- আপডেট সময় : ০৪:৩৮:৫৪ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে মোট ৩৭৯ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় এবং তাঁর সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি পুলিশ সমন্বিতভাবে এ অভিযান চালায়।
পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধপ্রবণতা রয়েছে—এমন স্থানগুলোকে কেন্দ্র করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
অভিযানে আটক ৩৭৯ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিতভাবে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।
কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ নিয়মিত অভিযান ও কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।



















