বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সাক্কুর বিশাল আনন্দ মিছিল
- আপডেট সময় : ১১:৩০:১৪ অপরাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা নগরীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এতে নেতৃত্ব দেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু। মিছিল শেষে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মনিরুল হক সাক্কু বলেন, দলের বৃহত্তর স্বার্থে সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে অসংখ্য নেতাকর্মীর শ্রম, ঘাম ও ত্যাগের বিনিময়ে আজকের এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। কোনো অপশক্তি বিএনপির এই অর্জন নষ্ট করতে পারবে না।
তিনি আরও বলেন, ব্যক্তির ঊর্ধ্বে দল। ঐক্যবদ্ধ বিএনপিই হবে দলের সবচেয়ে বড় শক্তি। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকল পর্যায়ের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলটি নগরীর ঈদগাহ মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কান্দিরপাড়, রাজগঞ্জ হয়ে চকবাজার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মিছিলে কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। পুরো এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় মহানগর বিএনপি, বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত করেন নগরীর রাজপথ।




















