৩নং চামরদানী ইউনিয়নে চেয়ারম্যান পদে আনোয়ার হোসেন সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী
- আপডেট সময় : ০৫:৪৬:০২ অপরাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
মধ্যনগর প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মো. আনোয়ার হোসেন। তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন।
মো. আনোয়ার হোসেন চামরদানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাহাপুর গ্রামের কৃতী সন্তান। তিনি চামরদানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম উসমান গনি তালুকদারের ছেলে। বর্তমানে তিনি চামরদানী ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে আসছেন বলে জানা গেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা চলছে।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মো. আনোয়ার হোসেন বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। আমি মনে করি, একটি ইউনিয়নের উন্নয়নে তরুণ ও প্রবীণ—উভয় প্রজন্মের অভিজ্ঞতা, মেধা ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের উদ্যম ও কর্মশক্তির সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা কাজে লাগিয়ে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “নির্বাচনে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই। তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রবীণদের যথাযথ সম্মান ও সহযোগিতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চামরদানী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে ভোটারদের মধ্যেও নির্বাচনী আমেজ তৈরি হতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।




















