৫ সেপ্টেম্বরের লংমার্চ ঘিরে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি
- আপডেট সময় : ০২:৩৪:৩৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও কুমিল্লার পদুয়ার বাজারে অনুষ্ঠিতব্য পথসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচিতে কুমিল্লা থেকে প্রায় এক হাজার গাড়িতে লক্ষাধিক নেতাকর্মী অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
লংমার্চকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১১ দলীয় ঐক্যের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় কুমিল্লার স্থানীয় একটি মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে এসব তথ্য জানান কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।
তিনি জানান, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বেলা ১২টায় পথসভা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টায় চৌদ্দগ্রামে আরেকটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
লিখিত বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, লংমার্চের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
তিনি আরও বলেন, কুমিল্লা থেকে ব্যাপক জনসমাগমের মাধ্যমে এই লংমার্চে অংশ নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন উপজেলা ও সাংগঠনিক পর্যায় থেকে নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে কর্মসূচিতে যোগ দেবেন।
কর্মসূচি সফল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, হাইওয়ে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে জানিয়ে তিনি বলেন, লংমার্চে আগত নেতাকর্মীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
কাজী দ্বীন মোহাম্মদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে জনগণের দাবি তুলে ধরাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এ জন্য অংশগ্রহণকারী সবাইকে নিয়ম-শৃঙ্খলা মেনে কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় ৫ সেপ্টেম্বরের লংমার্চের বিভিন্ন দিক, যানবাহন ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা ও পথসভার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



















