মাভাবিপ্রবির আইসিটি সেলের নতুন পরিচালক অধ্যাপক বদরুল আলম মিয়া
- আপডেট সময় : ১১:৫৩:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
মাভাবিপ্রবি প্রতিনিধি : বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি খাতের আধুনিকায়ন, ডিজিটাল সেবার মানোন্নয়ন ও সার্বক্ষণিক ইন্টারনেট সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি সেলের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ বদরুল আলম মিয়া। মঙ্গলবার ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর জারি করা অফিস আদেশে অধ্যাপক ড. মুহাম্মদ বদরুল আলম মিয়াকে আইসিটি সেলের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
এ সংক্রান্ত আদেশে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শর্ত অনুসরণের কথা উল্লেখ করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন।
দায়িত্ব গ্রহণের অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. মুহাম্মদ বদরুল আলম মিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালকের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে এ দায়িত্ব আমার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও আধুনিকায়নে সর্বোচ্চ আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।’
নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেবাকে আরও আধুনিক, গতিশীল ও শিক্ষক-শিক্ষার্থীবান্ধব করা আমার অন্যতম লক্ষ্য। ডিজিটাল সেবার মানোন্নয়ন, সার্বক্ষণিক ইন্টারনেট সেবা নিশ্চিতকরণ, প্রযুক্তিনির্ভর প্রশাসনিক কার্যক্রম সম্প্রসারণ এবং আইসিটির অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি খাতকে আরও সমৃদ্ধ করতে কাজ করব, ইনশাআল্লাহ।’




















