মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : পূর্ব শত্রুতার জেরে কুমিল্লা নগরের কাটাবিল এলাকায় এক এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত মহরম আলী (৩৫) নগরীর মুরাদপুর এলাকার বাসিন্দা মৃত চারু মিয়ার ছেলে। পেশায় তিনি ফল ব্যবসায়ী ছিলেন।
শনিবার রাত ৮ টার দিকে কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই যুবক মোটরবাইকে পাথুরিয়া পাড়ার দিকে যাচ্ছিলো। পথে ১৫/২০ জনের একদল দূর্বৃত্ত মহরমকে কোপ দেয়। এতে মহরম ছিটকে পরে।
অপু জানায়, মহরম বাইক চালাচ্ছিলো। এ সময় দূর্বৃত্তরা এসে মহরমকে কোপ দিলে সে ছিটকে পরে। পরে অপুকে জিম্মি করে দূর্বৃত্তরা। প্রানভয়ে মহরম পাশের একটি দোকানে আশ্রয় নিলে দূর্বৃত্তরা তাকে উপর্যুপরি কোপায়। গুরুতর আহত অবস্থায় মহরমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্বজনরা জানায়, খবর পেয়ে তারা মেডিকেলে যায়। নিহত মহরমের এক ছেলে এক মেয়ে। স্ত্রী অন্তঃসত্ত্বা।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।