মাভাবিপ্রবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে ছাত্রশিবির প্রার্থীর বিরোধিতা করায় এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে শিবির কর্মীদের হাতে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদল।
আজ মঙ্গলবার ২ সেপ্টেম্বর দুপুরে ১ টায় ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর নাইম আর সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু এবং সাংগঠনিক সম্পাদক রিমন মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে মানববন্ধনে ছাত্রদল সভাপতি মো: সাগর নাইম বলেন, “নারী শিক্ষার্থীদের ওপর এ ধরনের অমানবিক হুমকি, হেনস্থা ও সাইবার বুলিং পরিকল্পিতভাবে চালানো হচ্ছে। আমরা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।আমরা সকল শিক্ষার্থীদের সমান চোখে দেখি। এইভাবে আমাদের বোনদের অপমান আমরা কখনও মেনে নিব না।
সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু বলেন, নারী শিক্ষার্থীদের প্রতি এমন নোংরা হুমকি ও হেনস্থা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ভয়াবহ হুমকির। শিক্ষাঙ্গনকে নিরাপদ ও গণতান্ত্রিক পরিসরে ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাই।
সাংগঠনিক সম্পাদক মো: রিমন মিঞা বলেন, অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুমকিদাতাদের গ্রেপ্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়ীদের শাস্তি এবং সাইবার বুলিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ সময় ছাত্রদল নেতারা আরও বলেন, নারীর মর্যাদা রক্ষায় আন্দোলন চালিয়ে যেতে হবে। শিক্ষাঙ্গনকে নিরাপদ ও গণতান্ত্রিক পরিসরে ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারা।