এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ ডিসেম্বর বিকেলে পঞ্চগড় পৌর বিএনপির আয়োজনে জেলা সরকারি অডিটোরিয়াম চত্বরে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা জাসাসের নেতা ইউনুস শেখ প্রমুখ।
বক্তারা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার সহ ষড়যন্ত্র মূলক ভাবে জেলহাজতে গিয়ে অসুস্থ হওয়ার কথা জানান। এবং দেশ ও মানবতার জন্য আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে নানা রোগে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আশু রোগ মুক্তি কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান সহ জেলা, উপজেলা, পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন মসজিদের ইমাম এবং মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।