নিজস্ব সংবাদদাতা, বোদা, পঞ্চগড় : খাল খনন ও নদী ব্যবস্থাপনার মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা শক্তিশালী করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারি বিকেলে পঞ্চগড় দুই সংসদীয় আসনের দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া নদীর চর এলাকা, ময়নামতি চর সংলগ্ন স্থান পরিদর্শন করে সাংবাদিকদের সাথে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানোর যে উদ্যোগ গ্রহণ করেছিলেন বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।
পঞ্চগড়ের করতোয়া নদীতে বাঁধ নির্মাণের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিকেলে দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদী পরিদর্শন করেন। এ সময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান সহ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানিয়েছেন, করতোয়া নদীতে সম্প্রতি বন্যার কারণে ব্যাপক জমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে প্রায় ৩১ কিলোমিটার নদীপথে বিভিন্ন স্থানে ভাঙন ও ক্ষয়ক্ষতির ফলে কৃষিজমি নষ্ট হচ্ছে। এই ক্ষয়রোধে নদীতে ব্লক স্থাপন করে বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে ২৫ কিলোমিটার নদী খননের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী ভাঙন রোধের পাশাপাশি কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও জানান , ময়নামতি চরকে একটি সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। নদী চরের পার্শ্ববর্তী এলাকাকে নদীভাঙন থেকে রক্ষা এবং পর্যটকদের জন্য উপযোগী পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল সহ বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।