জেলা প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ে পেট্রোল পাম্পে তেল নিতে আসা দীর্ঘ মোটরসাইকেলের লাইনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফুয়েল কার্ড চেক করতে গেলে মুহুর্তে আধা কিলোমিটার লাইন ফাঁকা হয়ে যায়। এমন ঘটনায় প্রশাসন সহ উপস্থিত সকলে হতবিহ্বল হয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত।
শনিবার ৪এপ্রিল সকাল ৮ টায় জেলার সুবহানাকা ফিলিং স্টেশনে ঘটনা টি ঘটে। জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া তেল দেয়া হবেনা মর্মে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম সকালে সুবহানাকা ফিলিং স্টেশনে হাজির হলে দীর্ঘ আধা কিলোমিটার মোটরসাইকেলের লাইন ছিল। কিন্তু ফুয়েল কার্ড চেক শুরু করার মুহুর্তেই আধা কিলোমিটার মোটরসাইকেলের লাইন উধাও হয়ে যায়।
ব্যাংহারী বনগ্রাম এলাকা থেকে নিজের মোটরসাইকেলে তেল নিতে আসা ৬৫ বছরের মিজানুর রহমান জানান, পাম্পে তেল নেয়াটা যুদ্ধের চেয়ে কম কিছু নয়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও লাইসেন্স বিহীন গাড়িগুলো নিয়মের তোয়াক্কা না করে জোরপূর্বক আগে তেল নিয়ে চলে যেত। কয়েকদিন এরকম পরিস্থিতিতে তেল না নিয়েই ফিরে যেতে হয়েছে বলেও জানান তিনি। আজ ফুয়েল কার্ড চেক করার ফলে ভীর ছাড়াই তেল নিতে পেরে নিজের সন্তুষ্টির কথাও জানালেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম বলেন, ফুয়েল কার্ড ছাড়া পাম্পে তেল দেয়া হবেনা এমন প্রচারণা মাইকিং ও সামাজিক মাধ্যমে চালানোর পর আজ সকাল থেকে পেট্রোল পাম্প গুলোতে অভিযান শুরু করেছে প্রশাসন। মানুষ যেন নির্বিঘ্নে প্রয়োজনীয় ফুয়েল সংগ্রহ করতে পারে তা নিশ্চিত করা হবে। এবং অবৈধ মজুদে যাদের আগ্রহ রয়েছে তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।