কুমিল্লা প্রতিনিধি : জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (JICA) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ইউডিসিজিপি (UDCGP) প্রকল্পের পারফরমেন্স বেইজড অ্যাসেসমেন্ট (PBA)-এ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট খাতে দেশের সেরা হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
প্রকল্পের আওতায় ‘গভর্নেন্স পার্টের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ ক্যাটাগরিতে দেশের চারটি আরবান লোকাল বডির মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান লাভ করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
সোমবার ৩ আগস্ট কক্সবাজারের সিগাল হোটেলস লিমিটেডের ‘পারাবার বলরুমে’ আয়োজিত এক অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করেন।
কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনায় ধারাবাহিক অগ্রগতির স্বীকৃতি হিসেবে এই অর্জন এসেছে। আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে কুমিল্লা সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই অর্জন কুমিল্লা নগরীর টেকসই উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।