মোঃ এরশাদ, জেলা প্রতিনিধি (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৮ মে উপজেলার সালেংকা গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে আম, কাঁঠাল, জাম, বেল, জলপাই, আমড়া, বকুল, কৃষ্ণচূড়া, জবা ও পলাশসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

কর্মসূচির সার্বিক বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেন কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ আয়নাল হোসেন। তাঁর সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। একই সঙ্গে তিনি সবাইকে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আতিকুর রহমান ফরিদ, সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী সদস্যরা এবং অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহবুব হাসান বলেন, “মানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

‘মানবতার তরে অটল মোরা’—এই স্লোগানকে ধারণ করে কালিহাতী ব্লাড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে রক্তদান, বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।