পঞ্চগড় প্রতিনিধি: আজ ১ লা জুন বিশ্ব দুগ্ধ দিবস। “Celebrating Women Farmers বা দুগ্ধ উৎপাদনে নারী খামারী, উন্নয়নের অগ্রযাত্রা” শীর্ষক প্রতিপাদ্য কে সামনে নিয়ে পঞ্চগড়ে নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি।

সোমবার ১ লা জুন দিবসটি উপলক্ষে জেলা প্রানিসম্পদ দপ্তর বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দুগ্ধ খামার প্রতিষ্ঠা ও দুগ্ধ উৎপাদনে নারীদের অবদান আছে। সরকার নারী খামারিদের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে।

সভায় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা প্রজনন অধিদপ্তরের উপপরিচালক ডা. শহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা একেএম আব্দুল হালিম, নারী উদ্যোক্তা আনোয়ারা বেগম, শিমু আক্তার বক্তব্য দেন।

জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ২০০১ সাল থেকে জুন মাসের ১ তারিখ দিবসটি পালন করে আসছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে দুধের পুষ্টিগুন, ডেইরি শিল্পের গুরুত্ব এবং বিশ্বের কোটি কোটি মানুষের অবদানকে স্বীকৃতি দেয়া। সারাবিশ্বে ৮ কৌটিরও বেশি নারী দুগ্ধ খামার সংক্রান্ত কাজে সরাসরি জড়িত। গরু লালল পালন থেকে শুরু করে দুধ দোহানো, সংরক্ষণ, প্রতিটি ধাপে নারীর ভূমিকা অপরিসীম। এই অবদান অধিকাংশ সময় অদৃশ্য থেকে যাচ্ছে। সেই অবদানকে সামনে আনার চেষ্টা করা হয়েছে। দুধ মানবদেহের অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টির উৎস। শিশু থেকে বৃদ্ধ সবার জন্য দুধ উপকারী। এই দিবসে দুধের পুষ্টিগুন সম্পর্কে সচেতন করা। দুধ হাড়ের গঠন, মস্তিষ্কের বিকাশ, রোগ প্রতিরোধ ও ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।