রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে রৌমারী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (RSWA)-এর উদ্যোগে শুক্রবার (৫ জুন) বিকেলের দিকে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রৌমারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাইয়ুম, প্রভাষক শহীদ রেজাউল কবির এবং প্রভাষক আঞ্জুমান আরা।

এছাড়াও রৌমারী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আলফারাজী মারুফ , সাধারণ সম্পাদক মেহেদী হাসান পল্লবসহ সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

এদিন উপজেলা চত্বর, সিজি জামান স্কুলের পুকুর পাড়, শহীদ মিনার প্রাঙ্গণ, রৌমারী সরকারি কলেজ ক্যাম্পাস এবং প্রধান সড়কের আশপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ছিল “Inspired by Nature. For Climate. For Our Future” যার বাংলা অর্থ “প্রকৃতি থেকে প্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য।

বক্তারা বলেন, পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যার প্রতিও গুরুত্ব দিতে হবে।

উল্লেখ্য, ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৭৪ সাল থেকে বিশ্বব্যাপী বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দিবসটি নিয়মিতভাবে উদযাপিত হয়। দিবসটির মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ দূষণ হ্রাস এবং জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে পৃথিবীকে বাসযোগ্য রাখা।

 

কর্মসূচির শেষে রৌমারী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আসুন, আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই এবং একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তুলি।