মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় জুলাই আন্দোলনের স্মৃতি, গ্রাফিতি ও দেয়ালচিত্র সংরক্ষণে প্রকাশিত ‘গ্রাফিতিতে জুলাই বিপ্লবের রাজধানী কুমিল্লা’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে।

একই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান কর্মসূচি।

শনিবার কুমিল্লা নগরীর গ্র্যান্ড দেশপ্রিয় কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। আবু রায়হানের সম্পাদনায় প্রকাশিত অ্যালবামটিতে জুলাই অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন গ্রাফিতি, দেয়ালচিত্র এবং কুমিল্লার জুলাই আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস স্থান পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুফিয়ান রায়হান, এনসিপির কেন্দ্রীয় সদস্য ফারজানা আক্তার, কাজী আহনাফ তাহমিদ, জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাঈম আবেদীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ানসহ দলটির কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতারা।

অনুষ্ঠানে কুমিল্লা জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার মাজহারুল ইসলাম সোহেল, মহানগরের প্রধান সমন্বয়কারী মো. সিরাজুল হক, উত্তর জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন মোল্লা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওয়ালিউল্লাহ শিশির, জাতীয় নারীশক্তির জেলা সদস্য ফারহানা ইয়াসমিন, জাতীয় শ্রমিক শক্তির জেলা যুগ্ম সমন্বয়কারী আমির হোসেনসহ বিভিন্ন উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের সাবেক আহ্বায়ক আবু রায়হান।

যোগদান কর্মসূচির আগে কুমিল্লা মহানগর এনসিপির নেতারা প্রধান অতিথি আসিফ মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ দিকে অনুষ্ঠানে নাগরিক ঐক্য বাংলাদেশ কুমিল্লা জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট এস আলম মজুমদার মোহন এনসিপিতে যোগদান করেন। এছাড়া আপ বাংলাদেশ-এর কুমিল্লা মহানগরের সাবেক আহ্বায়ক ডা. মো. লোকমান হোসাইন, সদস্য সচিব মাওলানা আবুল ফালাহ আহমাদী, আব্দুর রহিম, ইব্রাহিম খলিল রাজু, মেহেদী হাসান সিয়াম, মাওলানা আব্দুল্লাহ আল নোমান, মো. শাকিল রহমান, সাদেক উল্লাহ, মুশফিকুর রহমান তামিম ও মো. সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন নেতাকর্মী এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ধারণ ও নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরতে গ্রাফিতি ও দেয়ালচিত্রভিত্তিক এ ধরনের প্রকাশনার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে এ অ্যালবাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।