কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন।

রবিবার সকালে মহাসড়কে চলন্ত একটি ট্রাক সামনে থাকা আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের ফলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ট্রাকচালকের নাম কাজী জাফর (২৯)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কানিকারহাট এলাকার জসিরুল ইসলামের ছেলে।

কুমিল্লা মিয়াবাজার হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, দুর্ঘটনার পর প্রথমে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তদন্ত ও স্বজনদের মাধ্যমে নিহত চালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর সামনের ট্রাকটি ঘটনাস্থল ছেড়ে চলে যায়। ট্রাকটিকে শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।